Antore antore
ফোনের শব্দে ঘুম ভেঙে যায় অভ্র'র। ঘুম চোখে ফোন তুলে নিতেই চমকে ওঠে- পিয়ালী'র ফোন। এত সকালে পিয়ালী! কি ব্যাপার! কোনো বিপদ আপদ হোলো না তো? একরাশ উৎকন্ঠা নিয়ে ফোন রিসিভ করতেই অন্য প্রান্তে পিয়ালী'র কাঁপা কাঁপা গলাঃ
-খুব বিপদে পড়ে গেছি অভ্র। আমি আমরি তে। তুই একবার আসতে পারবি
আমরি নাম শুনে চমকে ওঠে অভ্র, গলায় একরাশ উৎকন্ঠাঃ
- আমরি তে কেন? কার কি হয়েছে?
-মা বোধহয় আর বাঁচবে না অভ্র। কয়েকদিন ধরেই বুকে অল্প ব্যাথা ব্যাথা করছিল। বয়স হয়েছে, ভেবেছিলাম গ্যাস অম্বল। কাল মাঝরাতে হঠাৎ শ্বাসকষ্ট। আর বুকে যন্ত্রণা। দেরি না করে কোনো রকমে আমরি তে নিয়ে এসেছি। মা মারা গেলে আমি কি নিয়ে বাঁচবো অভ্র? মা ছাড়া তো আমার কেউ নেই।
কান্নায় ভেঙে পড়ে পিয়ালী। ভরসা দেওয়ার চেষ্টা করে অভ্রঃ
-এখনি এত ভেঙ্গে পড়িস না। সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি।
-তুই একবার আসতে পারবি?
-আমি এখুনি আসছি।
ফোনটা রেখে ঘড়ি দেখে অভ্র। ভোর পাঁচটা। ব্রাশ করে তাড়াতাড়ি তৈরী হয়ে নেয় অভ্র। একটা উবের বুক করে। প্রায় পনেরো মিনিট মত লাগবে গাড়ি আসতে। পাশের ঘরে মা ঘুমাচ্ছে। মা কে ডেকে তোলেঃ
-মা, আমি একটু বেরোচ্ছি। দরজাটা দিয়ে দিও
-এত সকালে আবার কোথায় যাচ্ছিস?
-হসপিটালে। এক বন্ধুর মায়ের শরীর খারাপ।
-চা খেয়ে যাবি? চা করি একটু।
- না, রাস্তায় কোথাও খেয়ে নেবো। তুমি দরজাটা দিয়ে দাও।
এমনিতেই গতকাল রাত্রে পিয়ালী'র সাথে কথা বলতে বলতে প্রায় একটা বেজে গিয়েছিল। তখনো তো ঠিকই ছিল। পিয়ালী কিছুই জানায়নি। হঠাৎ কি যে হল! দেরি করে শুতে যাওয়ার ফলে ঘুমও ভালো হয়নি। উবেরে উঠে শরীর এলিয়ে দেয় অভ্র। ঘুম পাচ্ছে। ঘুম ঘুম চোখে নানান কথা ঘুরে বেড়াচ্ছে মাথার মধ্যে। কলেজ জীবনে পিয়ালী'র সাথে শেষ দেখা হয়েছিল প্রায় সাত বছর আগে টালিগঞ্জ স্টেশনে। তারপর সময়ের স্রোতে মাঝে কেটে গিয়েছিল সাত সাতটি বছর। দুটি আলাদা কক্ষপথে ঘুরতে ঘুরতে হঠাৎ ই প্রায় তিনমাস আগে কলকাতার বুকে আবার দেখা হয়ে যায় পিয়ালী'র সাথে। পিয়ালী'র সাথে দেখা হওয়ার কোনো কথাই তো ছিল না। অথচ ঈশ্বরের অদৃশ্য খেলায় দেখা হয়ে গেল আকস্মিক ভাবেই। প্রাথমিক জড়তা কাটিয়ে মাত্র এই তিনমাসের মধ্যেই পিয়ালীও বড় কাছের, বড় নির্ভরশীল হয়ে উঠেছে। চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টারে তিন মাস আগে সেই হঠাৎ দেখাটা আজও ছবির মত স্পষ্ট মনে পড়ে অভ্র'র।
********************************************
চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে বাইরে বেরিয়ে ফুটপাথে এসে দাঁড়ায় অভ্র। বিকাল চারটে। ব্যস্ত কলকাতা শহরের বুকে সাঁই সাঁই করে ছুটে যাচ্ছে গাড়ি, বাস, ট্যাক্সি। কারো বিরাম নেই, সবাই ছুটছে। যেন এক অন্তহীন ছুটে চলা।
সিগারেট ধরায় অভ্র। পিয়ালী'র সাথে যে এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে স্বপ্নেও ভাবেনি। অথচ হয়ে গেল। জীবনের কক্ষপথে ঘুরতে ঘুরতে কখন যে কার সাথে দেখা হয়ে যায়!
অভ্র'র অফিস সল্টলেকে। বছর তিন হল সেলস ম্যানেজার হিসাবে জয়েন করেছে এই সংস্থায়। বিদেশী একটি কোম্পানির সাথে তাদের টাই আপ আছে। বিভিন্ন ধরণের এলুমিনিয়াম ফ্রেম, টাফেন্ড গ্লাস আর তার সাজ সরঞ্জাম নিয়ে কাজ করে এই সংস্থা। একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে তারা। এই প্রোডাক্টের ফিউচার নিয়ে খুবই আশাবাদী সংস্থার ডাইরেক্টর অনুপম গুলাটি।
সেলস ম্যানেজার হিসাবে অভ্র'র ওপর দায়িত্ব পড়েছে কলকাতার বিভিন্ন ক্লায়েন্ট, আর্কিটেক্ট ও আর্কিটেকচার সংস্থার গুলির সাথে কথা বলা, প্রোডাক্ট প্রেজেন্টেশন দেওয়া। আর এটাকে চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছে অভ্র। অভ্র জানে এই নতুন প্রোডাক্টের বেশ কিছু সুবিধা আছে আর এটি মার্কেটে ক্লিক করাতে পারলে এবছর তার প্রোমোশন কেউ আটকাতে পারবে না। সে নিজেও খুব আশাবাদী এই প্রোডাক্টের ফিউচার নিয়ে।
দুপুরে লাঞ্চ সেরে একটা উবের বুক করে এসেছিল চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টারের গ্লোবাল আর্কিটেক্ট এ। গ্লোবাল আর্কিটেক্ট ইদানীং কলকাতার বিভিন্ন প্রোজেক্টে বেশ নাম করেছে। সেই সূত্রেই অভ্র এসেছিল এখানে, তাদের নতুন প্রোডাক্ট পুশ করা আর প্রেজেন্টেশন দেওয়া।
অ্যাপয়েন্টমেন্ট করা ছিল আগে থেকেই। ভিজিটিং কার্ড পাঠিয়ে রিসেপশনে ওয়েট করছিল অভ্র। ডাক পড়তে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ভূত দেখার মত চমকে ওঠে অভ্র। চেয়ারের উল্টো দিকে বসে আর কেউ নয় - পিয়ালী রায়।
মুহূর্তে পা দুটো যেন মাটিতে আটকে যায়। জড়তা কাটিয়ে অভ্র ভেতরে ঢোকে, চেয়ার টেনে নিয়ে বসে। ল্যাপটপ নামিয়ে রাখে পাশের চেয়ারে। মুখ তুলে দ্যাখে, পিয়ালী বেশ হাসি মুখেই তাকিয়ে আছে তার দিকে। পরনে একটি গাঢ় নীল রঙের চুড়িদার-কুর্তা, মুখে হালকা মেক-আপ, কানে ঝোলা দুল, মাথার চুল পেছনের দিকে হর্স টেইলের মত একটু শক্ত করেই বাঁধা। হালকা কাজলের প্রলেপে চোখ দুটো আরো গভীর বলে মনে হয়। নাকের ওপর ঠিক আগের মতই ছোট্ট একটা উজ্জ্বল নাকছাবি। নাকছাবিতে পিয়ালী'র মুখটা খুব মানায়।
অবাক বিস্ময়ে অভ্র দেখছিল পিয়ালীকে। সেলস্- এ কাজ করে পোড় খাওয়া অভ্র'র মত ছেলেও ঘটনার আকস্মিকতায় কিছুটা বিহ্বল হয়ে পড়েছিল। একটু ইতস্তত করছিল অভ্র, ঠিক কি বলে শুরু করবে বুঝতে পারছিল না, পরিস্থিতি সহজ হয়ে যায় পিয়ালী'র প্রশ্নেঃ
-চিনতে পারছিস?
গলার টাই ঠিক করে নিতে নিতে অভ্র বলেঃ
-আমি কিন্তু তোকে এখানে দেখে সত্যি অবাক হয়ে গিয়েছি। এভাবে দেখতে পাবো ভাবতেই পারিনি। কলকাতায় কবে এলি?
প্রশ্নটা এড়িয়ে গিয়ে পিয়ালী জিজ্ঞেস করেঃ
-সে অনেক কথা। আগে বল কি খাবি? চা না কফি?
- তুই তো জানিস, আমি চা ভালোবাসি।
ইন্টারকমে দু'টো চায়ের অর্ডার দিয়ে পিয়ালী জিজ্ঞেস করেঃ
-তোর কথা বল। তুই তো শুনেছিলাম ব্যাঙ্গালোরে ছিলিস।
-হ্যাঁ, প্রথম চাকরি টা পেয়ে ব্যাঙ্গালোরে চলে গিয়েছিলাম। তিন বছর ছিলাম ওখানে। তারপর এই চাকরিটা পেয়ে গেলাম। তিন বছর হল আছি এখানে। তুই তো দিল্লি গিয়েছিলি শুনেছিলাম, কলকাতায় কতদিন?
-আমাদের হেড অফিস তো দিল্লীতেই। এটা আমাদের জোনাল অফিস। বছর পাঁচ হল ওপেন হয়েছে। আমি দু'বছর হল এই অফিসে জোনাল ম্যানেজার হিসাবে ট্রান্সফার হয়েছি।
কথার মাঝেই বেয়ারা এসে চা দিয়ে যায়। প্লেট থেকে কাপ তুলে নিয়ে চা'য়ে চুমুক দিতে দিতে অভ্র জিজ্ঞেস করেঃ
- তুই কি এখন যাদবপুরেই আছিস?
-না, এখন ঢাকুরিয়াতে আছি। যাদবপুরের আমাদের পুরানো বাড়িটা আর নেই। বাবা মারা যাওয়ার পর ওটা বিক্রি করে দিয়ে যাদবপুরেই ফ্ল্যাট কিনেছি। মা'কে নিয়ে চলে এসেছি ঢাকুরিয়াতে।
-ও হো! কাকু কবে মারা গেলেন?
-তিন বছর হল। বাবা যখন মারা যান আমি দিল্লীতে। মা একা হয়ে গিয়েছিল। আমিও কলকাতায় ফিরতে চাইছিলাম। সুযোগটা হঠাৎ পেয়েই গেলাম। দিল্লির পাট চুকিয়ে সোজা কলকাতায়। তুই কি এখন টালিগঞ্জেই আছিস?
-হ্যাঁ, কোথায় আর যাবো? ওখানেই আছি। বাবা তো আগেই মারা গিয়েছিলেন তুই তো জানিস। আমারও তখন চাকরি নেই। হন্যে হয়ে একটা চাকরি খুঁজছি। দিশাহারা হয়ে পড়েছিলাম। বাবা কোথায় কি রেখে গিয়েছেন কেউ কিচ্ছু জানতাম না। বাবার হঠাৎ মৃত্যুতে একেবারে অকূলপাথারে পড়েছিলাম। মা'ও খুব একা হয়ে গিয়েছিলেন, ভেঙে পড়েছিলেন। আমার অবস্থাও তথৈবচ। বেশ কয়েকটি টিউশন করে আমি তখন সংসারটাকে দাঁড় করাবার চেষ্টা করছি। কিছু চাকরির পরীক্ষাও দিয়ে বেড়াচ্ছিলাম। ব্যাঙ্গালোরের চাকরিটা পেয়েই গেলাম হঠাৎ করে। যাবো কি যাবো না ভাবছিলাম- মা কোথায় থাকবে, কিভাবে থাকবে- নানান চিন্তা তখন মাথায়। শেষে মা'ই ভরসা দিল- "যা ঘুরে আয়। ছেলে হয়ে জন্মেছিস, কতদিন আর এভাবে বসে থাকবি? তোর নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। এভাবে বসে থাকলে চলে? আমি ঠিক চালিয়ে নেবো। আর ছুটি ছাটায় তো আসবি বাড়িতে।" মা ছাড়া আমারও আর পিছুটান ছিল না। তুই ও চলে গিয়েছিলি। তাই জয়েন করেই ফেললাম ব্যাঙ্গালোরে।
কথা গুলো একটানা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে অভ্র। চুপ করে কথা গুলো শুনছিল পিয়ালী। অভ্র'র দীর্ঘশ্বাস নজর এড়ায় না। নীরবতা ভেঙে শেষে জিজ্ঞেস করেঃ
- কাকিমা কেমন আছেন এখন?
- আছে মোটামুটি। বয়স হয়েছে। শরীর ও ভেঙে গেছে। নানান রোগ বাসা বেঁধেছে। আজ ভালো তো কাল খারাপ। তার ওপর হাঁটুতে ব্যাথা। ভালো করে চলাফেরা করতে পারে না। এই নিয়েই চলছে।
-তোর বউ কি সার্ভিস করে না হাউজ ওয়াইফ?
কথাটা শুনে হো হো করে হেসে ফেলে অভ্রঃ
-দুটো'র কোনোটাই না!
-মানে?
-মানে আর কি! বিয়ে করলে তবে তো বউ আসবে!
-সে কি রে! বিয়ে করিস নি কেন? পশ্চিমবঙ্গে মেয়ের অভাব!
কথাটা বলে নিজেই হাসে পিয়ালী। কৌতুকের চোখে তাকিয়ে থাকে অভ্র'র দিকে। চুপ করে যায় অভ্র। ঠিক কি বলবে ভেবে পায় না। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে নিজের অজান্তেই রুমাল দিয়ে মুখ মোছেঃ
-চাকরির সবে তো ছয় বছর হলো। এখনো নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতেই পারলাম না।
-শুধু কি তাই! না অন্যকিছু?
পিয়ালী চোখে তখন কৌতুকের হাসি। স্থির চোখে অভ্র তাকায় পিয়ালী'র দিকেঃ
- যদি তোর মত কারো আবার দেখা পাই, তাহলে করবো।
কথা বলতে বলতে হাতে ধরা কলমটা নিয়ে এতক্ষণ নিজের মনেই খেলচ্ছিল পিয়ালী। কলম টেবিলে রেখে বলেঃ
-কাকিমা'র কথা ভেবেই তোর বিয়েটা করে ফেলা উচিত। তুই অফিস যাওয়ার পর সারাটা দিন তো কাকিমা একা। কিছু হয়ে গেলে দেখার তো কেউ নেই। আর তুই তো এককাপ চা'ও করতে পারিস না। এই বয়সে কাকিমাকে সেই হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে।
-তা না। একজন রান্নার লোক আছে। সকালে আর বিকালে এসে দুই বেলা রান্না করে দিয়ে যায়।
কথা বলার ফাঁকেই বেয়ারা এসে কাপ প্লেট গুলো তুলে নিয়ে যায়। অভ্র প্রোডাক্ট ক্যাটালগটা টেবিলেই রেখে কথা বলছিল। অভ্র'র কথা শুনতে শুনতেই ক্যাটালগটি হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখছিল পিয়ালী। অভ্র বলেঃ
- এটা আমাদের নতুন প্রোডাক্ট। রিসেন্টলি লঞ্চ করেছি।
আরো কিছু বলতে যাচ্ছিল অভ্র। কথা শেষ করতে পারে না। পিয়ালী বলেঃ
-আমি শুনেছি। প্রোডাক্টটা ভালো। তুই ক্যটালগ রেখে যা, আমি দেখে নেবো। এক কাজ করিস, এর সফট কপি আমাকে মেল করে দিস।
-তোর মেল আইডি?
ড্রয়ার থেকে ভিজিটিং কার্ড বের করে এগিয়ে দেয় পিয়ালী। ভিজিটিং কার্ড বুক পকেটে রেখে ম্যানিব্যাগ খুলে নিজের ভিজিটিং কার্ড এক্সচেঞ্জ করতে গেলে পিয়ালী বলেঃ
-তোর ভিজিটিং কার্ড তো রয়েছে আমার কাছে। রিসেপশন থেকে আমাকে পাঠিয়েছে।
-আমি প্রেজেন্টেশনটাও তোকে তাহলে মেল করে দেবো। একবার দেখে নিস। তোদের তো নতুন অনেকগুলো প্রজেক্ট হচ্ছে- আমাদের প্রোডাক্ট ট্রাই করতে পারিস।
*******************************************
সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে ঘষে নিভিয়ে দেয়। কথা শেষ করে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে বাইরে বেরিয়ে পিয়ালী'র কথা গুলোই ভাবছিল অভ্র। পিয়ালীর সাথে যে এভাবে আবার দেখা হয়ে যাবে স্বপ্নেও ভাবেনি। হটাৎ পকেটে ফোনটা বেজে উঠতেই চমকে ওঠে। দেখে বসের ফোনঃ
-অভ্র, তুমি কোথায় এখন?
-পার্ক স্ট্রীটে স্যার।
-গ্লোবাল আর্কিটেক্ট এর সাথে কথা হয়েছে?
-হ্যাঁ স্যার।
-রেসপন্স কেমন?
-ভালোই স্যার। এরা আমাদের প্রোডাক্টের ব্যাপারে অলরেডি ওয়াকিবহাল। সেটাই বললো। আর বললো ক্যাটালগ আর প্রেজেন্টেশন ই-মেল করে দিতে।
-তোমার তো আজ আর কোথাও যাওয়ার নেই। তাহলে ব্যাক করে আজই মেল করে দাও। ডিলে করো না।
-ঠিক আছে স্যার। আমি অফিসে ফিরেই মেল করে দেবো।
ফোনটা রেখে ঘড়ি দেখে অভ্র। প্রায় সাড়ে চারটে। অফিস থেকে বেরোনোর সময় প্রথমে ভেবেছিল আজ আর অফিসে ব্যাক করবে না। মায়ের শরীরটাও খারাপ, ভিজিট শেষে সোজা বাড়িতে চলে যাবে। কিন্তু এখন আর সে উপায় নেই। আর ই-মেল করে দেওয়াও জরুরী।
একটা উবের বুক করে। পার্ক স্ট্রীট থেকে সল্টলেকে পৌঁছতে কম করে ঘন্টা খানেক লাগবে। গাড়িতে উঠে এলিয়ে দেয় শরীর। আজ পুরানো দিনের কত কথাই না মনে পড়ছে। প্রায় সাত বছর পর পিয়ালীকে আজ প্রথম দেখলো। শেষ দেখেছিল টালিগঞ্জ স্টেশনে। স্টেশনের সিমেন্টের বাঁধানো বেঞ্চিতে বসে চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে পিয়ালী খুব সাধারণ ভাবেই বলেছিলঃ
-আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে অভ্র। সামনের মাসেই বিয়ে। পারলে বিয়েতে আসিস। আমার ভালো লাগবে।
কথাটা শুনে ধক করে উঠেছিল অভ্র'র বুক। চায়ের ভাঁড়ে চুমুক দিতে গিয়ে রীতিমতো বিষম খেয়েছিল।একটু ধাতস্থ হয়ে বলেছিলঃ
-আমার তো যেতে নেই রে। বাবা মারা গিয়েছেন একবছরও হয়নি। শুভ অনুষ্ঠানে তো আমার যেতে নেই।
-তবুও চেষ্টা করিস। এলে আমার ভালো লাগবে।
উত্তর দিতে পারেনি অভ্র। শেষ বিকেলের বাদামী আলোয় দেখেছিল অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকা পিয়ালীর চোখের কোণ দুটো চিকচিক করছে। দিগন্তে অস্তমিত সূর্যের আভা তখন ছড়িয়ে পড়েছে পিয়ালী'র চোখে মুখে। একগুচ্ছ অবাধ্য চুল যেন কিছুতেই কোনো শাসন মানছে না। ট্রেনের এনাউন্সমেন্ট হতেই পিয়ালী উঠে দাঁড়িয়ে বলেছিলঃ
-আজ আসিরে। হয়তো কোনো একদিন এমনিভাবেই আবার দেখা হবে- অন্য কোনোদিন, অন্য কোনোখানে।
পিয়ালী চলে যাওয়ার পর অনেকক্ষণ স্টেশনে স্থাণুবৎ বসে ছিল অভ্র। একের পর এক ট্রেন স্টেশনে আসছে, থামছে আবার হুইশেল বাজিয়ে চলে যাচ্ছে। পেছনে ফেলে যাচ্ছে শ্মশানের স্তব্ধতা। নিকষ কালো অন্ধকারের মতই একটা অবসাদ গ্রাস করে ফেলেছিল অভ্রকে। নিজেই নিজেকে সান্ত্বনা দেওয়ার এক ব্যর্থ চেষ্টা করছিল অভ্র। তারপর সন্ধ্যার অন্ধকার গাঢ় হলে বাড়ির পথ ধরেছিল। অমাবস্যার আকাশে তখন জমাট বাঁধা অন্ধকার।
ভাবতে ভাবতে কখন যে সল্টলেক চলে এসেছিল খেয়াল করেনি। গাড়িভাড়া মিটিয়ে অফিসে ঢোকে। অনেকগুলো ই-মেল ইনবক্সে জমা হয়ে আছে। পরে ক্লীয়ার করলেও চলবে। আগে গ্লোবাল আর্কিটেক্টে ই-মেল পাঠানো দরকার। অনুপম গুলাটি কে খুব ভালোভাবেই চেনে অভ্র। সাক্ষাৎ কাজ পাগল মানুষ। ওয়ার্ক অ্যালকহলিক যাকে বলে। কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। ঘন্টায় ঘন্টায় ফলো আপ করে।
বস্ কে কপি তে রেখে গ্লোবাল আর্কিটেক্টে ই-মেল করে চা নিয়ে বসে অভ্র। দম নেয়। মেল গুলো একের পর এক ক্লীয়ার করতে থাকে।
-অভ্র'দা আমি বেরোচ্ছি। তুমি বেরোবে না?
মুখ তুলে দেখে সুজাতা। ভারি মিষ্টি মেয়ে। খুব মিশুকে। সবার সাথে সুসম্পর্ক রেখে চলে। অভ্র এই অফিসে জয়েন করার আগে থেকেই আছে। কর্পোরেট জগতে বন্ধুত্ব বলে কিছু নেই। সব জায়গাতেই ল্যাং মারামারি। তবু এই মিষ্টি মেয়েটি'র সাথে অল্পদিনে বেশ ভালোই ভাব জমে গেছে অভ্র'র। অভ্র'র সাথে চুটিয়ে ইয়ার্কি ফাজলামো করতেও ছাড়ে না। ল্যাপটপে টাইপ করতে করতেই উত্তর দেয় অভ্রঃ
- একটু কাজ আছে গো। তুমি বেরোও। আমি মেল গুলো ক্লীয়ার করে বেরোবো।
-রাত জাগার প্ল্যান আছে নাকি? এবছর তোমার প্রোমোশন কেউ আটকাতে পারবে না। আমাদের এবার পুরো ঝাড়!
হেসে ফেলে অভ্রঃ
-দু'জনে চার হাতে কামাচ্ছো, তাতেও হচ্ছে না! এবার তো ব্যাঙ্কেও টাকা রাখার জায়গা থাকবে না।
-তালপুকুর শুনতেই ভালো লাগে, ঘটি ডোবে না অভ্র'দা। থাকতো যদি একটি বউ আর দুটি ছেলেমেয়ে, তাহলে বুঝতে কত ধানে কত চাল!
-তাহলে বিয়ে না করে ঠিকই করেছি বলো!
অভ্র'র সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে সুজাতাঃ
- এ হলো দিল্লী কা লাড্ডু। খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। আর পস্তাতে যখন হবেই, তখন খেয়ে পস্তানো ভালো। বুঝেছো!
- তাহলে বিয়েটা করেই ফেলি কি বলো?
-এই এতক্ষণে একটা কথার মত কথা বলেছো অভ্র'দা। শুভস্য শ্রীঘ্রম! মেয়ে ঠিক করা আছে নাকি দেখবো? তোমার বিয়েতে কিন্তু কব্জি ডুবিয়ে খাবো অভ্র'দা।
তারপর মুখে দুষ্টু হাসি খেলিয়ে অভ্র'র দিকে ঝুঁকে সুজাতা জিজ্ঞেস করেঃ
- কি ব্যাপার অভ্রদা। ভুতের মুখে রাম নাম। প্রেমে পড়লে নাকি! সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার! আমাদের অফিসের কেউ নাকি! আরে নামটা তো বলো!
কথাটা শুনে হো হো করে হেসে ফেলে অভ্র। মুখে চটুল দুষ্টুমি এনে বলেঃ
-ক্রমশঃ প্রকাশ্য।
- বাব্বা! আজ তোমার হল কি অভ্র'দা। হেব্বি মুডে! একটু ট্রল করতে হয় দেখছি।
তারপর একটু থেমে বলেঃ
-না, তুমি কাজ করো করো। শুধু শুধু আমি তোমার সময় নষ্ট করছি। এবার আমি বেরোই। গিয়ে আবার বর ছেলেমেয়ের জন্য রান্না করতে হবে।
সুজাতা বেরিয়ে গেলে কাজে মন দেয় অভ্র। কাজ শেষ করতে করতে আটটা বাজে। অফিসের গাড়িতে করে বাড়ি যেতে যেতে মনে পড়ে মা'র জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। টালিগঞ্জ মেট্রোর সামনে নেমে গাড়ি ছেড়ে দেয়। মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ঢুকতে ঢুকতে ঢুকতে সাড়ে ন'টা বেজে যায়।
*******************************************
(ক্রমশঃ)
Comments
Post a Comment