মানস ভ্রমন


সালটা ২০১৬, তখনও করোনা নামক ভূত মানুষের জীবনে প্রবেশ করেনি। ইচ্ছা হলেই বেড়িয়ে পড়া যেত কোনো অজানা গন্তব্যে। 

তখন সবে মাত্র B.Sc. ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। সুনীল গাঙ্গুলী এর ' পায়ের তলায় সর্ষে' বইটা পড়ে শেষ করেছি। কল্পনায় ভ্রমণ ছেড়ে এবার  বৈচত্র্যপূর্ণ এই দেশ ঘুরে দেখবার জন্য মনটা আনচান করছিল।

পকেটে ১২৭৮ টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। একা বেড়িয়ে মনে মনে বেশ একটু আনন্দ হচ্ছিল সাথে একটু ভয় ভয় করছিল। ইচ্ছা ছিল দূরে কোথাও যাবো কিন্তু বেরিয়ে পড়েছিলাম আসাম ঘুরবার উদ্দেশ্যে। আগে থেকে কোনো পরিকল্পনা ছিলনা কেমন ভাবে যাবো, কোথায় যাবো, কোথায় থাকবো। শুধু মনের জোর করে বেড়িয়ে গুয়াহাটি ট্রেনে স্লিপার ক্লাসে চরে বসলাম। ট্রেনে আমার পাশের সিটে ছিলেন আসামের মানস অরণ্যের একজন বনঅফিসার, সুনীলদা। কথায় কথায় জানতে পারলাম তিনি আমাদের রহড়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। তাই অটোমেটিক্যালি একটা দাদা ভাই এর সম্পর্ক হয়ে গেলো। সারাদিনের ট্রেনে ওনার মানস অরন্যের অভিজ্ঞতা, মিশন লাইফ এর গল্প শুনতে শুনতে বুজতেই পারিনি কখন গুয়াহাটি পৌঁছে গেছি। উনি আমাকে বললেন তোমার যদি অন্য কোনো পরিকল্পনা না থাকে চলো আমার সাথে আমার গাড়ি আছে স্টেশনে। আমি হটাৎ করে হাতে আকাশের চাঁদ পেলাম। ভারতে যে কটি সংরক্ষিত বন আছে, তার মধ্যে আয়তনে এটি সবচেয়ে বড় এবং অনতিক্রম্য। 

গুয়াহাটি স্টেশন থেকে জিপ ছুটে চলেছে ছোট ছোট পাহাড়ে ঘেরা অভয়াপুর শহরের দিকে, অত্যন্ত ঝকঝকে ও সুন্দর শহর। এই জায়গাটা গোয়ালপাড়া জেলার মধ্যে, এবং গোয়ালপাড়া আর ভুটান রাজ্যের সীমান্তেই মানস অরণ্য।

অভয়াপুর গিয়ে দেখা হলো আর একজন বাঙালি অফিসার সুধাদার সাথে। এত ভদ্র আর অমায়িক মানুষ খুব কম দেখা যায়।  কিছুক্ষনের আলাপেই এতটা বন্ধুত্ব হয়ে গেলো, আমার মনেই হল না আমি ওনার থেকে অনেক ছোট আর সামান্য একজন ছাত্র। সুনীলদা আমাদেরকে অভয়াপুরে একটা মাসীর হোটেলে গরম গরম ভাত আর দেশী মুরগীর মাংস খাওয়ালো। খুব ক্ষিদেতে পেট ভরে খেয়ে সুনীলদা আর সুধাদা জমিয়ে সিগারেটে টান দিতে দিতে অনেকটাই বিকাল হয়ে গেলো।

সুনীলদা আজ রাতে কোনো একটা কাজে অভয়পুরাতে থাকবে, তিনি ফোন করে ডাকবাংলোতে আমার জন্যে একটা ঘর বুক করে দিলেন। সাথে আমাদেরকে দু দিনের মতো চাল,ডাল,ডিম,চা, চিনি ও সাথে কিছু শুকনো খাবার কিনে দিলেন। ওখান থেকে পরবর্তী ৫০ km এর মধ্যে আর কোনো দোকান নেই। 

সুনীলদা কে আজকের রাতের মত বিদায় জানিয়ে সুধাদার গাড়ি ছুটে চললো মানস অরণ্যের ডাকবাংলোর দিকে। রাস্তা খুব খারাপ হওয়া সত্বেও সুধাদার পাকা ড্রাইভারের হাত সেটা বুজলাম। চা বাগানের মাঝখান দিয়ে যেতে যেতে দেখলাম সামনে জঙ্গলের চেকপোস্টের একটা বোর্ড। কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে চেকপোস্ট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সুধাদা বললো চল গেটকিপারের সাথে কথা বলি। গেট কিপার আমাদের অনেক করে বোঝানোর চেষ্টা করে সন্ধ্যে বেলা জঙ্গলে না ঢুকতে। সুধাদা অনেক বোঝানোর চেষ্টা করে যখন ব্যর্থ হলো তখন সুনীলদা কে ফোন করে শেষ পর্যন্ত গেট কিপারকে গেট খুলতে রাজি করাতে পারলো। বুজলাম এখানে বাঙালির কত পাওয়ার। কিন্তু তিনি আমাদের বার বার জঙ্গলের বুনো হাতির কথা মনে করিয়ে দিলেন। আর বারবার সাবধান করে দিল। 

গেট পার হবার সাথে সাথে এক অন্যরকম অনুভূতি হয় এখন আমরা জঙ্গলের মধ্যে। চাঁদের আলোয় জঙ্গলের মধ্যে এক অন্য রকম মায়াময় জগতের সৃষ্টি করেছে। এক মুহুর্তের জন্য একটু ভয় ভয় করতে লাগলো। দুরে কোথাও একটা পেঁচা ডাকছে আর জোছনার আলোয় একরাশ জোনাকি আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে আগে নিয়ে যাচ্ছে। হটাত করে সুধাদা জোরে অ্যাক্সেলেটরে চাপ দিয়ে জিপটাকে থামায়। সামনে দেখলাম একটা হরিণ তার ছোট একটা বাচ্চাটাকে নিয়ে রাস্তা পার হচ্ছে। দেখে সেকি যে অনন্য অনুভূতি তা হয়তো লিখে প্রকাশ করতে পারবো না। কিন্তু মাঝ রাস্তায় জিপটা গেলো খারাপ হয়ে। সুধাদা আমাকে গাড়ি থেকে নিচে নামতে মানা করে নিজে বনেটটা খুলে অনেকক্ষণ কিছু করতে লাগলো, আর আমি তন্ময় হয়ে রাস্তার পাশের নদীর উপর চাঁদের আলোর খেলা দেখতে লাগলাম। এক ঝাঁক জোনাকি মায়াময় এই গহীন জঙ্গলে আমাদেরকে সঙ্গ দিচ্ছে। দুরে কোথাও কোনো এক নাম না জানা পাখির কিচিরমিচির যেনো প্রকৃতির এই নিস্তব্দতাতে মেঘমল্লার এর সুর ভরে দিচ্ছে। জানি না কতক্ষণ পর সুধাদা আবার গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করেছে, আমার ঘোর কাটে দুরে কোনো এক কানফাটা আওয়াজে। সুধাদা আমাকে আশ্বাস দিয়ে বলে ভয় নেই, দূরে কোথাও একটা বাঘ-এর গর্জন। কিন্তু ভয় নেই ওরা রাস্তার দিকে আসবেনে। মুহূর্তে মধ্যে আমার মনে হলো আমি কোনো আসতে গেলাম। একটু দূরে হটাত করে সুধাদা গাড়ি বন্ধ করে হেডলাইট টা জ্বালিয়ে দিল। দেখলাম একপাল হাতি তাদের বাচ্চাকাচ্চা নিয়ে রাস্তা পার হচ্ছে। সুধাদা আমাকে চুপি চুপি বললো একদম আওয়াজ করবি না। ওরা একদম শান্ত হয়ে চলে যাবে আর আওয়াজ করলে আমরা প্রাণে বাঁচবো না। এমন অনুভূতি যে হবে এতটাও ভাবিনি। যেনো মনে হচ্ছে আমি কল্পনায় বিভূতিভূষণের কোনো উপন্যাসের দেশে চলে এসেছি। এ যেনো কোনো মায়াবী দেশ, যেখানে নিস্তব্দতা সব থেকে বড় ভাষা। তারপর ধীরে ধীরে আমাদের জিপ ডাকবাংলো এই পৌঁছালো। সুধাদা আমাকে শুভরাত্রি জানিয়ে আমার রাত্রিতে থাকার সব ব্যাবস্থা করে দিয়ে চলে গেলেন ফরেস্ট অফিসে। আমি দুচোখ শুধু প্রকৃতির মুগ্ধতা নিয়ে ডাকবাংলোর বারন্দায় দাড়িয়ে ধন্যবাদ দিতে লাগলাম সুনীলদা আর সুধাদাকে। এতসুন্দর এক নৈশরিক অনুভূতি দেবার জন্য। হাতে আরো দুটো দিন আছে, না জানে প্রকৃতির এই অপরিসীম রূপ আমাকে আরো কত ভাবে মুগ্ধ করবে। সেই মুগ্ধতার আভাস নিয়েই জানি না কখন দুচোখে ঘুম এসে গেছিলো।


প্রথম পর্ব (সমাপ্ত)

✍️হারাধন

Comments

Popular posts from this blog

শিউলির সুবাস

লেন্স