গ্রীসের ডায়েরী

 ******** গ্ৰীসের ডায়েরী(৮) ********

(গ্ৰীক পৌরাণিকতার মোড়কে মোড়া কাহিনী)


গ্ৰীস দেশে আজও ইতিহাস আর পৌরাণিকতার ছোঁয়া পাওয়া যাওয়া শহরের প্রতিটি অলিন্দে অলিন্দে। কনফারেন্সের মাঝে মাঝে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবার সাথে সাথে এই বৈচিত্র্যময় দেশের এক পৌরাণিক গল্প শুনেছি এক ওয়াইন ডিনার পার্টিতে, এই গ্ৰীকদেশের একজন পর্দাথবিদ, নিকোলাসের কাছে। রাত যত গভীর হয়েছে সেই পৌরাণিকতার আবরণে মোড়া গল্প আরও রোমাঞ্চকর হয়েছে। সেই গল্পকে নিজের কল্পনার মোড়কে মুড়ে এই কাহিনী আমার গ্ৰীসদেশের ভ্রমণ ডায়েরিতে লিখছি...যার সাথে আমাদের পৌরাণিক কাহিনীর অনেক মিল আছে। যদিও এখন অনেক রাত্রি, আমি কল্পনার নৌকায় ভর করে অনুভব করলাম...

গ্ৰীসের মেসিডনিয়া আর থেসালি প্রদেশের মাঝখান দিয়ে এঁকে বেঁকে পাহাড়ের সারির মাঝখান দিয়ে আমি এগিয়ে চলেছি। এটি হচ্ছে গ্ৰীসদেশের বিখ্যাত অলিম্পাস পর্বত।

সেকালে গ্ৰীকরা মনে করত, এই অলিম্পাসের চূড়ায় বাস করেন তাদের দেবতারা। পাহাড় চূড়ার ঢালুতে ঢালুতে ছিল তাঁদের সারি সারি সুরম্য প্রাসাদ। দেবতাদের রাজা ছিলেন জুপিটার। দিনের বেলা সকল দেবতা একত্র হতেন তাঁর প্রাসাদে। দেবরাজকে ঘিরে চক্রাকারে বসতেন সকল দেবদেবী - অল্পবয়স্ক দেবতারা নৃত্য করতেন আর কাব‍্যের দেবীরা বীণাযন্ত্র সহযোগে শোনাতেন গান।

এখানেই বসত তাঁদের প্রতিদিনের ভোজসভা। সম্মুখে উপস্হিত হত স্বর্গের ভোজ 'এম্বোসিয়া'; আর সুন্দরের দেবী হিবি নিজহাতে পরিবেশন করতেন অমৃত। এই ঈশ্বরিক পরিবেশেও ছিল প্রেম, রাগ, অভিমান আর ঈর্ষাপরায়ণতা।

গ্ৰীকদেবী পৃথিবী-মাতা জীয়া ও আকাশদেব ইউরেনাসের সন্তানরা 'টাইটান্' বা দৈত্য নামে পরিচিত। ইউরেনাস ক্ষমতা হারানোর ভয়ে নিজ সন্তানদের বন্ধ করে রাখেন এক গোপন গুহায়। এ অবস্থা আর সহ‍্য করতে না পেরে মা জীয়া তাঁর শেষ সন্তান সময়-দেব 'ক্রনস্'কে এক জায়গায় লুকিয়ে রাখলেন। বড় হলে দুইয়ে মিলে এক কাস্তের আঘাতে ইউরেনাসকে আহত করে টাইটানদের মুক্ত করলেন। এরপর শুরু হল দৈত্যের রাজত্ব।

কিছুকাল পরে আবার ঘটল একই রকম ঘটনা। নিজেরেই এক ছেলে তাঁকে হত্যা করবে একথা জানতে পেরে ক্রনস্ জন্মের পরই সন্তানের গিলে ফেলতেন। এবারও শেষ সন্তান জুপিটারকে কৌশলে তাঁর হাত থেকে রক্ষা করে লুকিয়ে রাখা হল ক্রীট্ দ্বীপের ঈজিয়াস পাহাড়ের এক গভীর জঙ্গলে। তার বদলে আঁতুর ঘরের কাপড়ে বাঁধা বিরাট এক পাথর গিলে ফেললেন ক্রনস্ সন্তান মনে করে। ক্রীট্ থেকে এসে আইডা পাহাড়ের বনভূমিতে ক্রমে বড় হয়ে উঠলেন জুপিটার। তারপর তিনি প্রস্তুত হতে লাগলেন পিতার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে। সমুদ্রদেব ওশেনাসের কণ‍্যা মেটিসের কাছ থেকে এক পানীয় নিয়ে খেতে দিলেন 'ক্রনস্'কে এবং এই পানীয়ের প্রতিক্রিয়ায় সব সন্তান উদ্ধার হলেন ক্রনস্-এর উদর থেকে এবং গ্ৰীসে শুরু হল দেব রাজত্ব।

জুপিটাররা (এটি আসলে রোমানদের দেওয়া নাম, গ্ৰীক নাম জিউস্) ছিলেন তিন ভাই: জুপিটার, নেপচুন ও প্লুটো।

ক্ষমতা লাভের পর জুপিটার ভাইদের সাথে এলাকা ভাগ করে নিলেন: জুপিটার হলেন দেবরাজ, আকাশের অধীশ্বর; নেপচুন ও প্লুটো যথাক্রমে সমুদ্র ও পাতালের। পৃথিবী ও অলিম্পাস পর্বত রইল সমানভাবে তিনজনের।  

জুপিটারের রানীর নাম জুনো (গ্ৰীক নাম 'হেরা')। ময়ূর ছিল তার প্রিয় পাখি। রংধনুদেবী আইরিস্ তার অনুচরী। প্রয়োজনে রংধনুর সেতু বেয়ে আইরিস্ স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন তাঁর রঙীন উত্তরীয় পরে। জুপিটার কণ‍্যা মিনার্ভা ছিলেন জ্ঞাণ ও যুদ্ধবিদ‍্যার দেবী।

জুপিটারের অপর  কণ‍্যা ভিনাস্ (গ্ৰীক নাম এফ‍্যেডাইটি) ছিলেন সৌন্দর্য ও ভালোবাসার দেবী। তার ভূবনমোহিনী রুপ নিয়ে সমুদ্রের ফেনা থেকে তিনি উঠে আসতেন পৃথিবীতে। সমীরণ-দেব জেফিরাস্ ঢেউয়ের ওপর দিয়ে তাঁকে বয়ে নিয়ে আসতেন সাইপ্রাস দ্বীপে। সেখানে ঋতুর দেবীরা তাঁকে সাজিয়ে উপস্থিত করতেন দেবতাদের রাজসভায়। এই দেব রাজত্বে ছিলেন আর এক গ্ৰীকদেব সূর্যদেবতা এপোলো। ত়াঁর দূরন্ত ছেলে ফিটন্। যেমন তার শক্তি , তেমনি তার তেজ। যতই সে বড় হতে লাগলো, ততই সে হয়ে উঠল নির্ভয় ও দুঃসাহসী। কিছুতেই সে পিছু হঠবে নে, আর কোনো কিছুতেই তার হার মানা নেই।

ফিটন্ দেখত,প্রতিদিন ভোরে তার বাবার আলোর রথ পূর্ব দিক থেকে যাত্রা শুরু করে সারাদিন আকাশ পথে পাড়ি দেয়। এর আলোর ঝরণা তার চোখকে ঝলসে দেয়। একদিন সে বায়না করলো, সূর্যের রথ একদিন সে চালিয়ে দেখবে। নইলে তার খেলার সাথীরা স্বীকার করতে চায় না, সে সূর্যদেব এপোলোর সন্তান।

আকাশের নিঃসীম পথের ভয়াল রুপের জন্য এপোলো অনেক চেষ্টা করলেন ফিটন্ কে বোঝাতে। গ্ৰহনক্ষত্র পেড়িয়ে, সকালের চড়াই আর বিকালের উৎরাইয়ের ঝুঁকি নিয়ে, নিবিঘ্নে সন্ধ‍্যাসাগরে সূর্যের আগুনের রথ নামিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়। কিন্তু অনঢ় ফিটনের কাছে এপোলোকে মাথা নত করতেই হল।

পূর্ব আকাশের বাঁক ধরে ঘোড়ায় সুসজ্জিত ফিটন্-এর রথ চলল্ পশ্চিম দিগন্তের দিকে... আঁধার ফিঁকে হয়ে ক্রমে ঝলমলিয়ে উঠল দিগন্ত। আলোর ছোঁয়ায় জেগে উঠতে লাগলো ধরনী। কিন্ত্ত অনভিজ্ঞতার কারণে ও আনাড়ি হাতের স্পর্শে ঘোড়ারা সব বেপরোয়া হয়ে উঠলো। বল্গাহারা হয়ে তারা ছুঁটলো দিগ্বিদিক। কক্ষ থেকে ছিটকে পড়ে একসময়ে সূর্য এত কাছে নেমে এলো যে সমুদ্র নদীর সব জল শুকিয়ে গেল। মাটি ফেটে চৌচির। ইথিওপিয়ার লোকেদের গায়ের রং পুড়ে কালো হয়ে গেল। লিবিয়ার প্রান্ত মরুভূমি হয়ে গেল। নীল নদী ভয়ে বালিতে মুখ লুকালো। আর একটু হলে সমগ্ৰ পৃথিবী জ্বলে উঠতো।

আলো বিচ্ছুরিত তামাটে আকাশের দিকে তাকিয়ে দেবরাজ জুপিটার প্রমাদ গুণলেন। উপায়ন্ত না দেখে দেবরাজ এক ব্রজ‍্যের আঘাতে ফিটন্ কে হত্যা করে পৃথিবীকে রক্ষা করলেন। আর ফিটন্- এর জ্বলন্ত দেহ ছিটকে পড়ল এরিডেনাস্ নদীতে।

দামাল ছেলে ফিটন্-এর মৃত‍্যুতে মৃহ‍্যমান হল বিশ্বপ্রকৃতি । জলপ‍রীরা তার মৃতদেহ সমাহিত করলেন শীতল এরিডেনাস্ -এর জলে। হিলিয়াড নামের বোনেদের বুক ফাটা কান্নায় দেবতাদের মনে করুনার উদয় হল। দেবতারা তাদের রুপান্তরিত করলেন একসারি পপ্-লার গাছে। তাদের অশ্রু আজও গ্ৰীসদের জলকে এক হরিদ্রাভ তাম্বর করে তোলে। আর দেবরাজ জুপিটার শোকে মুহ‍্যমান হয়ে গ্ৰীক দেশের ক্রীট দ্বীপে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে থাকেন। আর এই ক্রীট দ্বীপ হয়ে ওঠে পৃথিবীর স্বর্গ।

হঠাৎ বাইরে সূর্যকিরণ মুখের উপর পড়ায় মোহভঙ্গ হয়ে দেখি সূর্যদেব এপোলো সমুদ্রদেব পসাইডন্ (ওশেনাসের)-এর উপর পড়েছে। পসাইডন্-এর মৃদু বাতাসে শুনতে পেলাম ফিটন্-এর ঘোড়ার পদধ্বনি।


কলমে: হারাধন

Comments

Popular posts from this blog

শিউলির সুবাস

লেন্স